
আন্তর্জাতিক ডেস্ক :
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে উপত্যকায় যাচ্ছেন দেশটির বিভিন্ন মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের আধ্যাত্মিক প্রধান ও সুফি নেতারা। আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর-এই কয়দিন স্থানীয় মানুষদের সাথে কথা বলে সেখানকার বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন তারা।
১৮ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জয়পুরের আজমির দরগার দিওয়ান জয়নুল আবেদিন আলী খানের পুত্র নাসিরুদ্দিন চিশতি। মূলত জয়নুল আবেদিনের উদ্যোগেই উপত্যকায় এই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।
আজমির দরগার দিওয়ান জানান, ‘সীমান্তের ওপার থেকে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি মনে করি কাশ্মীরের মানুষের সাথে আলোচনা করা উচিত, বিশেষ করে সেখানকার তরুণ-তরুণীদের সাথে এবং জম্মু-কাশ্মীরের উন্নতির জন্য আমাদের কাজ করা উচিত। আর সেই কারণেই উপত্যকায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে আমরা কাশ্মীরের মানুষ ও সমৃদ্ধির মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘মুসলিম প্রতিনিধি দলের সফরের বিষয়ে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ছাড়বে। প্রতিনিধি দলটিতে রাজস্থান, হায়দ্রাবাদ, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, গুজরাট ও বিহারের মুসলিম সদস্যরা রয়েছেন।’
অন্যদিকে নাসিরুদ্দিন চিশতি জানান, ‘প্রতিনিধি দলের সদস্যরা মূরত জম্মু-কাশ্মীরের যুব সমাজের সাথে কথা বলবেন এবং সেখানকার বাস্তবতা মূল্যায়ন করবেন। আমাদের প্রধান লক্ষ্যই হল যুব সমাজ ও অন্য মানুষদের মধ্যে আস্থা অর্জন করা এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।’
