আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইজাজ শাহ বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের আজাদী মার্চকে সরকার সবধরনের সুবিধা এবং নিরাপত্তা দিবে। মার্চের পথে কোনো বাধা সৃষ্টি করা হবে না।
আজ বৃহস্পতিবার সকালে ইসলামবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আশিক আওয়ান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইসলামাবাদে পৌঁছতে পারে, এজন্য আমরা পথে পথে পানি, বিদ্যুত এবং ট্রাফিক সরবরাহ করেছি।
তিনি আরও বলেন, পাঞ্জাব ও সিন্ধু থেকে আগত মার্চ রাওয়াত টি চৌকো থেকে ইসলাবাদে প্রবেশ করবে। এতে প্রতিবাদের নির্ধারিত স্থান এইচ ৯-এ পৌঁছতে ফয়জাবাদ রুট দেয়া হয়েছে। মাওলানা ফজলুর রহমানকেও আলাদা রুট দেয়া হবে, যেন তিনি নির্বিঘ্নে এইচ ৯-এ পৌঁছতে পারেন।
মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম—কোনো প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতিবাদ মিছিলকে এতদূর এগিয়ে আসতে দিয়েছেন। শুধু এতটুকুই না, বরং তাদের নিরাপত্তা এবং সুবিধার যাবতীয় ব্যবস্থা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আশিক আওয়ান। তিনি বলেন, আমি আশা করি মাওলানা ফজলুর রহমান শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করবেন। মার্চের আয়োজকরা এই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা বিশ্বাস করি। ইসলামাবাদ কূটনৈতিক পাড়া। এর সুরক্ষা সরকারের দায়িত্ব। তাই মার্চের এমন কাজ করা উচিত নয়, যাতে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
রাকিব
