
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ শপথ নিচ্ছেন না। যদিও আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় শপথ নেয়ার কথা ছিল তার। স্পিকারের কাছ থেকে সময় নিয়ে তিনি পরে শপথ নেবেন বলে জানা গেছে।
এর আগে এরশাদের এপিএস মনজুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন এরশাদ বিকেল ৩টায় এককভাবে শপথ নেবেন।
এরশাদের শারীরিক অসুস্থতার কারণে তার শপথ নেয়া পেছানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে জাতীয় পার্টির সিনিয়র কোনো নেতা স্পষ্ট করে কিছু বলছেন না।
এদিকে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যরা।
শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
প্রথমে শপথ নেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হওয়া জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে অন্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। শপথ নেয়ার সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এদের মধ্যে সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ প্রমুখ ছিলেন।
পরে সদস্যদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়।
