আজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস

ফাতেহ ডেস্ক

দেশ যখন ডেঙ্গু রোগ দুর্যোগে বিপর্যস্ত, হাসপাতালে ভর্তি হাজার হাজার ডেঙ্গু রোগী, এই অবস্থায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। ১৯৩০ সাল থেকেই প্রতি বছরের ২০ আগস্ট বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি।

১৮৯৭ সালের এই দিনে ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস। তিনি জানান, নারী মশা মানুষের মধ্যে ম্যালেরিয়া ছড়ায়। এই আবিষ্কারের জন্য তিনি পরে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। তার সম্মানে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন দিবসটি পালন শুরু করে।

ম্যালেরিয়া রোগের কারণ ও এটি কীভাবে প্রতিরোধ সম্ভব সে বিষয়ে মানুষকে সচেতন করাই এ দিবস পালনের উদ্দেশ্য।

উল্লেখ্য, পৃথিবীতে তিন হাজারের বেশি প্রজাতির মশা রয়েছে; যদিও মাত্র তিন ধরনের মশা মানুষের মধ্যে রোগ ছড়ানোর জন্য দায়ী। এনোফিলিস মশা একমাত্র প্রজাতি, যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে। কিউলেক্স জাতীয় মশারা ওয়েস্টনাইল ভাইরাস, জাপানিজ এনসেফালিটিস ভাইরাস, সেন্ট লুই এনসেফালিটিস ভাইরাস এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইলেরিয়াসিস ও এভিয়ান ম্যালেরিয়ার জীবাণু বহন করে। তৃতীয় প্রজাতির মশা, যারা ‘এডিস’ বা ‘টাইগার মসকিউটো’ নামে পরিচিত; ইয়েলো ফিভার, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস বহন করে।

সম্প্রতি বাংলাদেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ৫১ হাজার ৪৭৬ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে মারা গেছে ৪০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ৫৮০ রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা সাত হাজার ৮৫৬। এর মধ্যে ঢাকার ৪১ সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ৪৩।

আগের সংবাদএবার মালয়েশিয়ার সব প্রদেশেই নিষিদ্ধ হলেন ডা.জাকির নায়েক
পরবর্তি সংবাদঅর্থনৈতিক মন্দায় ফিলিস্তিন, প্রেসিডেন্টের সব উপদেষ্টার অব্যাহতি