
আন্তর্জাতিক ডেস্ক
আদালতের মুক্তির নির্দেশ সত্ত্বেও ফের কারাগারে পাঠানো হয়েছে মিসরে বিনা বিচারে আটক বিশ্বখ্যাত মুসলিম মনীষী ইউসুফ কারজাভির মেয়ে ওলা কারযাবিকে।
ব্রাদারহুডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২০১৭ সালের ৩০ জুন ওলা ও তার স্বামী হোসাম খালাফকে আটক করা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ষড়যন্ত্রসহ সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। তবে পরিবারটি এ অভিযোগ অস্বীকার করেছে।
মিডল ইস্ট মনিটর জানায়, মিসরের আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে বিনা বিচারে দুই বছরের বেশি আটক রাখা যাবে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ রাখা হয়েছে আইনে।
গত জুনে জাতিসংঘ সংশ্লিষ্ট একটি সংস্থা জানিয়েছে, ওলা কারজাভি ও তার স্বামীকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। তাকে দীর্ঘ নিঃসঙ্গ কারাবাসে রাখার মাধ্যমে তার প্রতি নির্যাতন, নৃশংসতা ও অমানবিক আচরণ বাড়ছে এবং তার চিকিৎসার অধিকারকে খর্ব করা হচ্ছে।
এর আগে গত বছর জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ইউসুফ আল কারজাভির মেয়ে ওলা ও তার জামাতার মুক্তির দাবি জানিয়েছিল।
