আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ খবরে নুসরাত হত্যার রায়

ফাতেহ ডেস্ক :

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান (রাফি) হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টা ৮ মিনিটের দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় পড়ে শোনান।

বাংলাদেশের বহুল আলোচিত ফেনীর এই মাদরাসা ছাত্রীর খুনীদের ফাঁসির আদেশের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রায় ঘোষণার পরপরই তাদের অনলাইন সংস্করণে প্রধান সংবাদ করেছে নুসরাত হত্যা মামলার রায়ের এই খবর। ‘নুসরাত জাহাজ রাফি : ১৬ জনের মৃত্যুদণ্ড, যারা এই ছাত্রীকে আগুন দিয়েছিলেন’ শিরোনামে বিবিসির প্রধান সংবাদে বলা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর এক মাদরাসা ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত ১৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের একটি আদালত।

বিবিসি বলছে, এ ধরনের হত্যা মামলা যে দেশটিতে বছরের পর বছর ধরে চলতে থাকে সেখানে নুসরাত হত্যার মামলায় রায় খুব অল্পদিনের মধ্যে দেয়া হয়েছে। আইনজীবী হাফিজ আহমেদ বলেছেন, বাংলাদেশে কেউ খুন করে যে পালিয়ে যেতে পারেন না; এটা প্রমাণিত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ‘নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বাংলাদেশে ১৬ জনের ফাঁসি’ শিরোনামে তাদের দ্বিতীয় প্রধান সংবাদ প্রকাশ করেছে।

ফরাসী বার্তাসংস্থা এএফপি নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ১৯ বছর বয়সী এক ছাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যার দায়ে বৃহস্পতিবার বাংলাদেশের একটি আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ‘যৌন হয়রানির মামলায় কিশোরীকে হত্যায় অভিযুক্ত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলছে, এক কিশোরীকে খুনের ঘটনায় ধর্মীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত।

এছাড়াও ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতের ঘাতকদের ফাঁসির এই আদেশের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া ট্যুডে, টাইমস অব ইন্ডিয়া, সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইট টাইমস, কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজ, পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের অনেক গণমাধ্যম।

আগের সংবাদপদত্যাগের কোনো প্রশ্নই আসে না : ইমরান খান
পরবর্তি সংবাদভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন ‘স্থগিত’ চায় যুক্তরাষ্ট্র