আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানে গত বছর সাত হাজার ৪২৩টি বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র । এর আগের ১০ বছরের মধ্যে দেশটিতে মার্কিন বিমান বাহিনীর বোমা হামলার সর্বোচ্চ রেকর্ড এটি।
যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ড সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০১৮ সালে সাত হাজার ৩৬২টি বোমা ফেলা হয়। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে এই সংখ্যা বেড়ে সাত হাজার ৪২৩ এ দাঁড়ায়। এর আগের দশকে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে-চার হাজার ১৪৭টি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মূলত ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বোমা হামলার সংখ্যা বেড়ে গেছে। ২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতায় থাকাকালীন আফগানিস্তানে বোমা পড়েছিল মোট চার হাজার ১৪৭টি। আগে বেসামরিক নাগরিকের প্রাণহানি এড়াতে হামলার লক্ষ্যবস্তু সশস্ত্র বাহিনীর ‘ধরা-ছোঁয়ার মধ্যে’ থাকার নিয়ম ছিল। ২০১৬ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই এই আদেশ তুলে নেয় ওয়াশিংটন।
