
ফাতেহ ডেস্ক
আফগানিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। শনিবার ওয়ারদাক প্রদেশে তালেবান সন্দেহে সাইদ আবাদ জেলায় হামলা চালালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রদেশটির কাউন্সিল সদস্য মাসুদ শানিজাই।
যদিও ওয়ার্দাকের পুলিশ প্রধানের দাবি, এই অভিযানে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তালেবান ঘাঁটি লক্ষ করেই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে আফগান সরকার ও সেনাবাহিনী। সেখানে তালেবানের জ্যেষ্ঠ সদস্যরা হামলার পরকিল্পনা করছিল বলে অভিযোগ তাদের।
নিরাপত্তাবাহিনীর অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিবাদে গত মাসে হেলমন্দ প্রদেশে কয়েকশ আফগান বিক্ষোভ করে।
গত দুই মাসে হেলমন্দের বিভিন্ন তালেবান ঘাঁটিতে নিরাপত্তাবাহিনীর অভিযানে অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া সাঙ্গিনে বিমান হামলায় নিহত হয়েছেন ২১ বেসামরিক নাগরিক।
