আবরার ফাহাদ হত্যা : পলাতক ৪ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ

আবরার ফাহাদ হত্যা : পলাতক ৪ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামির নামে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

পলাতক চার আসামি হলেন মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মুজতবা রাফিদ।

আদালত সূত্র জানায়, পলাতক চার আসামির সম্পদ ক্রোকসংক্রান্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। পুলিশের পক্ষ থেকে এ–সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়। আসামিদের নিজেদের নামে স্থাবর-অস্থাবর সম্পদ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গত ১৩ নভেম্বর ২৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযোগপত্রে বলা হয়, আবরার ফাহাদের বিরুদ্ধে শিবির করার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ও পরস্পরের সহায়তায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

আবরার ফাহাদ হত্যার অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে ২১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ২১ আসামির মধ্যে ১৬ জনের নাম আবরার ফাহাদের বাবার করা হত্যা মামলার এজাহারে আছে।

আগের সংবাদনাগরিকত্ব আইনের পক্ষে জনসমর্থন পেতে বলিউড তারকাদের নিয়ে বৈঠকে বিজেপি
পরবর্তি সংবাদব্রিটেনে বাড়ছে মুসলিমদের সংখ্যা