
ফাতেহ ডেস্ক :
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ ৮ ই অক্টোবর সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, দেশের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। গুম খুনের রাজ্যে পরিণত হয়েছে এ দেশ। বুয়েট শিক্ষার্থী আবরার যদি বাস্তবেই দোষী হয়ে থাকে তাহলে দেশীয় আইনে তাকে বিচার মুখোমুখি করা হত। কিন্তু তা না করে জানোয়ারে মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা চরম অমানবিক আচরণের শামিল।
আল্লামা বাবুনগরী আরও বলেন, ‘যারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে হামলা-মামলা ও ভয়-ভীতি দেখিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে।’
আবরারকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা পশুত্বকেও হার মানিয়েছে উল্লেখ করে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবরার হত্যার সাথে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবিও জানিয়েছেন তিনি।
