আবরার হত্যায় অমিত ও তাবাখখারুলের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন অমিত সাহা ও খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর। কারাগারে আছেন হোসেন মোহাম্মদ তোহা।

আসামি অমিত সাহা ও খন্দকার তাবাখখারুল ইসলামকে আদালতে হাজির করে পুনরায় সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আদালতকে পুলিশ প্রতিবেদন দিয়ে বলেছে, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছেন আসামিরা। বুয়েটের শেরেবাংলা হলের যে ২০১১ নম্বর কক্ষে ফেলে নির্যাতন করা হয়, সেই কক্ষ অমিত সাহার। আবরার হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অমিত ও তাবাখখারুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আগের সংবাদ১২০ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত তুরস্ক
পরবর্তি সংবাদসৌদিতে ৩৫ ওমরাহ যাত্রী নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক