
আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক। সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের এলাকাটি ছেড়ে যেতে ১২০ ঘণ্টার জন্য অভিযান স্থগিত রাখবে আঙ্কারা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে মাইক পেন্স বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের এলাকাটি ছেড়ে যেতে ১২০ ঘণ্টার জন্য অভিযান স্থগিত রাখবে আঙ্কারা।
গত ৬ই অক্টোবর তুর্কি সীমান্ত থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর ৯ই অক্টোবরে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক।
আঙ্কারা বলছে, তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখেরও বেশি শরণার্থীকে পুনর্বাসনের জন্য সেখানে তারা একটি সেফ জোন গড়ে তুলতে চায়।
