
ফাতেহ ডেস্ক:
সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারের পরও নিজেকে বিজয়ী দাবি করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুদিন আগে পরাজয় মেনে নেয়ারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু আজ সোমবার এক টুইটে ট্রাম্প ফের দাবি করেছেন, নির্বাচনে আমিই জিতেছি।
চার ঘণ্টায় টুইটটিতে ৩ লাখ ৪৯ হাজারের বেশি লাইক পড়েছে। মন্তব্য করেছেন ১ লাখ ৪৪ হাজার জন এবং শেয়ার করেছেন ১ লাখ ৭৩ হাজার জন।
এর সাত ঘণ্টা আগে আরেকটি টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বলেন, ভোট সংক্রান্ত সারা দেশে যেসব মামলা হয়েছে, তার সব আমারা করিনি। ভয়াবহ অনিয়মের শিকার ব্যক্তিরাও করেছেন। ফলাফলের অনিয়মের বিরুদ্ধে আসল মামলাটি শিগগিরই করা হবে।
আরেক টুইটে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে জালিয়াতির এ নির্বাচন গ্রহণ করা হবে না। গতকাল অপর এক টুইটে তিনি বলেন, কারচুপির নির্বাচনে বাইডেন জিতেছে, আমি মেনে নেইনি! এটা ছিল জালিয়াতির নির্বাচন, আমাদের আরো অনেক দূর যেতে হবে।
ট্রাম্পের এমন মন্তব্য বাইডেনের বিজয়কে স্বীকার করা হিসেবে বর্ণনা করে মার্কিন গণমাধ্যমগুলো। পরে ‘ভুয়া নিউজ মিডিয়া’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। এ থেকে একটি জিনিস পরিষ্কার যে, ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন না।
ট্রাম্পের সাম্প্রতিক টুইট বার্তাগুলো একটি বড় পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে তিনি কী ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন, তা কেউ বুঝতে পারছেন না বলেও জানান।
মার্কিন সংবিধান অনুযায়ী, আগামী বছরের ২০ জানুয়ারি নতুন প্রশাসনের ক্ষমতা গ্রহণের কথা। সেই লক্ষ্যে বাইডেন শিবিরের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও উঠেছে।
