
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার জনপ্রিয় পপগায়িকা ও গীতিকার ডেলা মাইলস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর খুব সম্মানিত বোধ করছেন বলে বিবৃতি দিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় ৫০ মুসল্লি নিহতের ঘটনায় যখন শোকে কাতর বিশ্ব, তখনই এমন খবরটি এলো। আল-খালিজ অনলাইনের খবর অনুযায়ী, তিনি কালেমা তাইয়্যেবা ও কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ ছাড়া তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ খবরটি।
বর্তমানে ডেলা তুরস্ক ভ্রমণে রয়েছেন। সেখানে ইসলাম ধর্মীয় বিভিন্ন সংস্কৃতি ও মসজিদগুলো ঘুরে ঘুরে দেখেছেন।
গত ১৯ মার্চ তিনি তার ইনস্টাগ্রাম ও টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভেতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন তিনি।
একটি পোস্টে তিনি লিখেছেন, ইস্তানবুলকে আমি ভালোবাসি। কমেন্টে ইস্তানবুলের অধিবাসীরা লিখেছেন, তোমাকে ইসলাম ধর্মে স্বাগতম।
জানা গেছে, আমেরিকার এই পপগায়িকা কয়েক বছর ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ইসলাম সম্পর্কে জেনে মুগ্ধ হন ও দিন দিন তার ইসলাম বিষয়ে আকর্ষণ বাড়তে থাকে। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন।
এ বিষয়ে ডেলা বলেন, ইসলাম ধর্মগ্রহণ করে আমি সম্মানিত হয়েছি। এর পর তিনি যোগ করেন, ইসলাম ধর্ম-প্রচারক মুহম্মদ (সা.) সম্পর্কে যতই জেনেছি, ততই মুগ্ধ হয়েছি। এ ব্যাপারটি আমার জন্য খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়। আমি বুঝেছি- ইসলাম ভালোবাসা ও সহনশীলতার ধর্ম।
নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী গণহত্যা প্রতিক্রিয়ায় ডেলা মাইলস বলেন, ‘নিউজিল্যান্ডে যা ঘটেছে, তা ভয়ানক নিষ্ঠুর ও জঘন্যতম। এ বর্বরোচিত নিষ্ঠুর হত্যাযজ্ঞ আমার দেহ ও মনকে ভেঙে ফেলেছে। এটি কখনই মেনে নেয়ার নয়।’
