আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্ধর্মীয় আলোচনার মাধ্যমে ইসলাম প্রচারের উদ্যোগ নিয়েছে আমেরিকার মুসলিম কমিউনিটি। এর অংশ হিসেবে তারা আন্তর্ধর্মীয় আলোচনা, ইসলামে অন্যান্য নবী-রাসুলের অবস্থান এবং এসংক্রান্ত প্রচার-প্রচারণা করছে। উত্তর আমেরিকার মুসলিমদের নিয়ে কাজ করা ‘গেইন পিস’ নামক একটি মুসলিম সংস্থা এই উদ্যোগ নিয়েছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে সম্প্রতি আমেরিকার টেক্সাসের ডালাস শহরে একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। যাতে আন্তর্ধর্মীয় আলোচনার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘ফাইন্ড জেসাস ইন দ্য কোরআন, মুহাম্মদ ইন দ্য বাইবেল’ [ঈসা (আ.)-কে কোরআনে এবং মুহাম্মদ (সা.)-কে বাইবেলে খুঁজে দেখুন]। পাশাপাশি এতে লেখা আছে, ‘ফ্রি কোরআন, ডিসকাস ইসলাম’। ডিসকাস করার জন্য বিলবোর্ডে দেয়া আছে ফোন নাম্বার।
গেইন পিসের নির্বাহী পরিচালক সাবিল আহমদ বলেন, ‘সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ একটি সম্পর্ক গড়ে তোলা এবং মানুষের ভুল ধারণা দূর করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা আমেরিকানদের কাছে ইসলামী শিক্ষা পৌঁছে দিতে চাই। ওয়েবসাইট ও বিলবোর্ডের মাধ্যমে আমরা আমেরিকানদের ইসলাম সম্পর্কে জানার সুযোগ দিতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমরা মানুষকে বোঝাতে চাই ঈসা (আ.) শুধু খ্রিস্টানদের নন; বরং মুসলিম ধর্মবিশ্বাসের অংশ। মুসলিমরা তাঁর প্রতি এবং তাঁর পবিত্র কুমারী মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান লালন করে। কোরআনে অত্যন্ত সম্মানের সঙ্গে ২৫ বার ঈসা (আ.)-কে এবং ৩২ বার মারইয়াম (আ.)-কে স্মরণ করা হয়েছে।
টেক্সাস ছাড়াও হাউজটোন, শিকাগো ও আটলান্টায় একই ধরনের বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
