
ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও শাইখুল হাদিস, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া নূরিয়া ইসলামীয়া কামরাংগীরচর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী।
আজ ১৯ আগস্ট সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা নোমানী বলেন, আল্লামা জুনাইদ বাবুনগরী ছিলেন এদেশের সকল মুসলমানের রাহবার। তিনি আমার মুশফিক ওস্তাদ, আল্লামা আবুল হাসান রাহ.- এর বড় সাহেবযাদা। তার সাথে আমার সম্পর্ক আরো ৬০ বছর আগে থেকে, তখন তিনি মাত্র হাফেজে কুরআন হয়েছেন আর আমি জালালাইনে দাখেলা নিয়েছি । আমাদের সম্পর্ক ছিল ছোট ও বড় ভাইয়ের মতো। হুজুরের ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
আল্লামা সুলাইমান নোমানী বলেন, আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর তাঁর হায়াতে যে সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।
