আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের আল-কুদস শহরে (জেরুজালেম) মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল করে এর প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে ইজরাইলি দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশের পর স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেলে আল-আকসা মসজিদ দখল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আল কুদস শহরের ইসলামিক এনডোমেন্টস বিভাগের (ওয়াকফ) এক কর্মকর্তা ‘মা’আন নিউজ এজেন্সি’কে জানিয়েছেন, আজ বিকেলে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল করে এর সকল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইজরাইলি বাহিনী। কাউকে ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা প্রাঙ্গণ থেকে দুই ফিলিস্তিনি যুবককে আটক করে বাব আল-সিলসিলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাদের মারধরও করা হয়।
আল কুদসে অভিযান, আটক এবং গ্রেপ্তার নিয়মিত ঘটনা হলেও যুক্তরাষ্ট্র কর্তৃক ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশের পর তা নতুন মাত্রা পেয়েছে। এর আগে গত শুক্রবার সকালের নামাজ শেষে বেরিয়ে আসা মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়াও ওই দিন পূর্ব জেরুজালেমের বেইত সাফাফা এলাকায় শারাফাত মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থী ইহুদিরা।
