
ইমরান চৌধুরী: সময় যতো গড়াচ্ছে, ততো আল ইয়ামামাহ প্রাসাদে ভারী গোলাগুলি নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। সকালে লিখেছিলাম, এই হামলা ওয়ালী আহাদ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধবাদী কোন প্রিন্স গোষ্ঠীর কাজ হতে পারে।
এই ধারণার পেছনে প্রাথমিক মোটিভ হিসেবে কাজ করছে ফায়ারিংয়ের ধরণ। আমি জেনারেল ফজলুর রহমানের কাছেও শুনলাম, যেমন তীব্র ও ভারী গোলাগুলির আওয়াজ শোনা গেছে, তা সৌদি সেনাবাহিনী বা ন্যাশনাল গার্ডের মতো বাহিনী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। খুচরা অস্ত্রধারী বা প্রাসাদ রক্ষীদের গোলাগুলির ধরণ এটা নয়। কেবল তাই নয়, এহেন গোলাগুলিতে ব্যাপক প্রাণহানি একপ্রকার নিশ্চিত। এদিকে এখনো বাদশাহ বা যুবরাজ সামনে আসেননি।
কিন্তু তাই যদি হতো, তাহলে তড়িৎ গতিতে কোন ঘোষণা এসে যেতো। হয়তো বাদশাহ সালমান বা যুবরাজ মোহাম্মদের মৃত্যু সংবাদ ঘোষিত হতো। ঘোষিত হতো নতুন বাদশাহর নাম।
কিন্তু সেটাও না হওয়ায় ধারণা করা যেতে পারে, গতরাতে রিয়াদে যদি কোন অভ্যুত্থান হয়েও থাকে, তা ২০১৬ সালে তুরস্কে ঘটা অভ্যুত্থান নাটকের মতো হতে পারে। এর পেছনে প্রিন্স মোহাম্মদ নিজেই জড়িত থাকতে পারেন দুটি কারণে। প্রথমত, সৌদি রাষ্ট্রযন্ত্রে বিদ্যমান বিরোধীদের দমনের ছুতা বের করতে, এবং দ্বিতীয়ত, পিতাকে সরিয়ে সিংহাসনে আরোহণের পথ প্রশস্ত করতে…।
