
আন্তর্জাতিক ডেস্ক
আসামের এনআরসির সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাডভাইজরি বোর্ডের প্রধান টনি পারকিনস। কয়েক লাখ লোককে, যাদের অধিকাংশই মুসলমান, নাগরিকত্বহীন করে দেয়ার আতঙ্কের মধ্যেই মঙ্গলবার এমন উদ্বেগ জানানো হয়েছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের প্রধান টনি পারকিনস বলেন, ধর্মীয় বহুত্ববাদিতার ওপর ভিত্তি করেই ভারতীয় সমাজ প্রতিষ্ঠিত। আসামে জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের সম্ভাব্য অপব্যবহার নিয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে।
পারকিনসের এই উদ্বেগ প্রকাশের বিবৃতিতে ডেমোক্র্যাটিক স্পিকার ন্যানসি পেলোসির মনোনয়ন দেয়া কমিশন সদস্য অনুরিমা ভারগাভাও যুক্ত হয়েছেন। তিনি বলেন, সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানিয়ে যেকোনো পদক্ষেপে এই কমিশন অস্বস্তি বোধ করে। কাজেই আসামের ওই নাগরিকত্ব নিবন্ধন অবশ্যই সেখানকার মুসলমান সম্প্রদায়কে রাষ্ট্রহীন করে দেয়া ও তাদের লক্ষ্যবস্তু বানানোর মাধ্যম হতে পারবে না।
তবে মার্কিন এই কমিশনের কেবল সুপারিশ করার ক্ষমতা থাকলেও কোনো নীতিনির্ধারণ করতে পারে না।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠী পরিবার গবেষণা কাউন্সিলেরও সভাপতি পারকিনস। এই গোষ্ঠীটি সমকামিতার বিরোধিতা করার জন্য বিখ্যাত।
