
ফাতেহ ডেস্ক
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি সিরাজ উদ দৌলার বিরুদ্ধে অভিযোগ করার সময় আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানা সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
এদিকে নুসরাত হত্যাকান্ডের মূলহোতা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগিদের ফাঁসির দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা দাবি তোলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িত সবার বিচার সম্পন্ন করার। বিচারের দীর্ঘসূত্রিতার জন্য এ ধরণের অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন বক্তারা।
এর আগে নুসরাতকে সিরাজউদ্দৌলার নির্দেশে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মামলার এজহারভুক্ত দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম।
রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় দু জন জবানবন্দি দেন।
