
আন্তর্জতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে তাদের ভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপনের কাজে ইজরাইলকে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মিনেসোটা অঙ্গরাজ্যের একটি আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য ইলহান ওমর।
অধিকৃত জর্ডান উপত্যকার সামারিয়া এলাকায় খিরবেত হামসাহ নামে নতুন আরেকটি ইহুদি বসতি বন্ধে ইজরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে করা টুইটে তিনি সহায়তা বন্ধেরও আহ্বান জানান। খবর এএফপির।
ইলহান ওমর বলেন, এভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি গড়া ১৯৯৫ সালের অসলো শান্তিচুক্তির সরাসরি লঙ্ঘন। এসব বসতি স্থাপনে যুক্তরাষ্ট্র সায় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনিদের উদ্বাস্তু করে ইজরাইল যে অপরাধ করছে, যুক্তরাষ্ট্রও তার অংশীদার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
