ইজরাইলের সঙ্গে সম্পর্ক প্রত্যাখ্যান করেছে সুদানের বিরোধী দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের সঙ্গে সুদান সরকারের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি প্রত্যাখ্যান করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। এই চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে সুদানের বিরোধী দলগুলো। খবর আল জাজিরা।

সুদানের পপুলার কংগ্রেস পার্টি এক বিবৃতিতে বলেছে, সম্পর্ক স্বাভাবিক করার এই চুক্তি মেনে নিতে দেশের জনগণ বাধ্য নয়। আমরা দেখেছি এই গোপন চুক্তি থেকে আমাদের জনগণকে পদ্ধতিগত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমাদের জনগণ তাদের ঐতিহিাসিক অবস্থান মেনে চলবে আর এই স্বাভাবিকীকরণ চুক্তি প্রতিহত করতে একটি বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে কাজ করবে আর আইনসঙ্গত অধিকার রক্ষায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।‘

সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদিও ওই চুক্তির নিন্দা জানিয়েছেন। চুক্তির প্রতিবাদে সরকার আয়োজিত শনিবারের একটি ধর্মীয় সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।

সুদানের পপুলার কংগ্রেস পার্টির আরেক নেতা কামাল ওমর পৃথক এক বিবৃতিতে বলেছেন, দেশের অন্তবর্তীকালীন সরকার নির্বাচিত নয় আর সেকারণে ইজরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষমতা তাদের নেই। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে খুশি করতে সুদানের অবস্থান ছিনতাই করেছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর শুক্রবার ইজরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানানোর পর যুক্তরাষ্ট্র, ইজরাইল ও সুদানের এক যৌথ বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

আগের সংবাদফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কিলোমিটার জুড়ে কালো ধোঁয়া
পরবর্তি সংবাদআবারও আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান