আন্তর্জাতিক ডেস্ক :
জনতার বিক্ষোভের মুখে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগ করতে রাজি হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। এর ফলে ইরাকে সৃষ্ট অচলাবস্থার নিরসন হতে পারে। খবর পার্সটুডের।
প্রেসিডেন্ট সালিহ বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি নিজের পদত্যাগের প্রস্তুতির কথা জানিয়েছেন। মাহদি বলেছেন, ইরাকের রাজনৈতিক দলগুলো যদি সাংবিধানিক কাঠামোর আওতায় একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সম্মত হয় এবং কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন।
আগামী সপ্তাহে ইরাকের পার্লামেন্টে নতুন নির্বাচনি আইন উত্থাপন করা হবে জানিয়ে প্রেসিডেন্ট সালিহ বলেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় সংস্কার আনতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। বিক্ষোভরত জনতার ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট সালিহ বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস আচরণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
