
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিশ অঞ্চলের একটি রেস্টুরেন্টে তুরস্কের এক কূটনীতিক ও কনস্যুলেট কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। গুলিতে প্রাণ হারিয়েছেন আরও একজন, আহতও হয়েছেন একজন।
বুধবার ওই অঞ্চলের রাজধানী এরবিলের সেই রেস্টুরেন্টে এ হামলা চালায় এক বন্দুকধারী। দুটি অস্ত্র নিয়ে আসা ওই বন্দুকধারী রেস্টুরেন্টের পেছন থেকে গুলি করেই পালিয়ে যায়। কারা
এই হামলায় জড়িত তা এখনো জানা যায়নি। তবে হত্যার প্রতিশোধের হুমকি দিয়েছেন তুর্কি সরকার। দেশটি এরই মধ্যে সম্ভাব্য হামলাকারীদের চিহ্নিত ও পাকড়াও করতে প্রচেষ্টা শুরু করেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এ হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।
এদিকে, তুর্কি কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে আরও বলেছেন, এ হামলার ঘটনা আবারো প্রমাণ করেছে সন্ত্রাসবাদকে পরাভূত করতে আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।
অন্যদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ তুর্কি কূটনীতিকের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, অপরাধীদের ধরতে সবগুলো নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছে বাগদাদ।
প্রসঙ্গত, এরবিল হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী শহর। তুর্কি সরকার তুরস্ক ও ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করে বলে কুর্দি বিদ্রোহীরা আঙ্কারার ওপর ক্ষুব্ধ।
আরএইচ/
