ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ৫ দেশ

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ৫টি দেশ। এই দেশগুলোর নাগরিকরা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। খবর আল-জাজিরা ও রয়টার্সের।

সিঙ্গাপুরে সফররত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিসতাইকো বলেন, ইরানে বিমান দুর্ঘটনায় নিহত ৫ দেশের প্রতিনিধিদের বৈঠক আগামী বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত হবে। সেখানে ইরানের বিরুদ্ধে আইনগত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ১৭৬ আরোহীর মধ্যে ইরানের ৮২ জন, কানাডার ৫৭, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, আফগানিস্তানের চার এবং ব্রিটেন ও জার্মানির তিনজন করে নাগরিক মারা যান।

ভুল করে বিমানটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ইরান স্বীকার করার পর দেশে বিক্ষোভসহ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার।

তেহরানে বড়ো ধরনের বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে আয়াতুল্লাহ আলি খামেনির পদত্যাগের দাবি উঠেছে। বিক্ষোভে সরকার দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আগের সংবাদএবারের ইজতেমা থেকে তাবলিগে বের হলো ২৮৭১ জামাত
পরবর্তি সংবাদ‘ধর্ষণ-গণধর্ষণের ঘটনা কমাতে নৈতিকতার চর্চা বাড়াতে হবে’