
গত এক বছরে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় এক লক্ষ ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ আটকে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় আক্রমণের পর, ইসরাইল গাজায় স্থল অভিযান শুরু করে। এই এক বছরে ইসরাইলি বাহিনী ১৬ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। তাদের হামলার কারণে গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, ফলে ৮৫ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং লাখো ফিলিস্তিনি আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে।
ইসরাইলের বর্বর হামলা থেকে মসজিদ, গির্জা, স্কুল, সাংবাদিক, ডাক্তার, হাসপাতাল কেউই রক্ষা পায়নি। এমনকি আশ্রয় শিবিরগুলোকেও টার্গেট করছে ইসরাইলি বাহিনী। গাজায় ৩৬টি হাসপাতালের মধ্যে ১৯টি বন্ধ হয়ে গেছে, বাকিগুলো খুবই সীমিত ব্যবস্থাপনায় চলছে।
