
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জর্ডানের ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ সোমবার এই তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের নাম রয়েছে, যার মধ্যে ড. ইউনূস ৫০তম স্থানে অবস্থান করছেন।
তালিকার শীর্ষ ৫০ জনের মধ্যে ড. ইউনূসের পাশাপাশি রয়েছেন জর্ডানের বাদশাহ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সৌদি আরবের প্রধান মুফতি, তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার।
২০০৯ সাল থেকে প্রতি বছর প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করে আসছে আরআইএসএসসি। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃস্থানীয় মুসলিমদের অবদানকে বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। এ বছর যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহায়তায় তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর পরিপ্রেক্ষিতে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা তিনি জনগণের পূর্ণ সমর্থন নিয়ে পরিচালনা করছেন।
