ইসরায়েলে সরকার গঠন করতে পারছেন না নেতানিয়াহু

ফাতেহ ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর জোট-সরকার গঠনেও ব্যর্থ হয়েছেন। ফলে দেশটিতে আগামী ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দল দেশটিতে অনুষ্ঠিত গেল মাসের জাতীয় নির্বাচনে জয়ী হয়। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের উদ্যোগ নেন তিনি। তাতেও ব্যর্থ হওয়ায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানে সম্মত হন আইনপ্রণেতারা।

নির্ধারিত সময়ের মধ্যে জোট সরকার গঠনে বেশ দৌড়ঝাঁপ করেন নেতানিয়াহু। কিন্তু তার সঙ্গে সরকার গঠনে একটি দলকেও রাজি করাতে পারেননি তিনি। ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সরকার গঠনে ব্যর্থ হলেন এবং তিনি নেতানিয়াহু।

দেশটির সংবিধান অনুযায়ী গতকাল বুধবার মধ্যরাতের মধ্যে সরকার গঠনের বাধ্যবাধকতা ছিল। এতে নেতানিয়াহু ব্যর্থ হওয়ার পর ৭৪-৪৫ ভোটে সংসদ ভেঙে নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এপ্রিলের সাধারণ নির্বাচনে ১২০ আসনের মধ্যে ৩৫টিতে জয় পায় নেতানিয়াহুর দল ক্ষমতাসীন লিকুদ পার্টি। এর ফলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন তিনি। অভ্যন্তরীণ কোন্দলে তার সে সুযোগ ভেস্তে গেলো। এ ঘটনাকে তার জন্য ঐতিহাসিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

নেতানিয়াহু তার সরকারের শরিক হতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিয়েবারম্যানের দলকে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। তার সে প্রস্তাব ন্যাশনালিস্ট ইসরায়েল বেইটেনু পার্টি ফিরিয়ে দিয়েছে।

আগের সংবাদটঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
পরবর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে উঠিয়ে নিয়ে গেছে বিএসএফ