ইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দেওয়ার আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগ মহাসচিবের

ইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দেওয়ার আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক :

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মোহাম্মদ আল-ইসা বলেছেন, উগ্র-ডানপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের নেতৃত্ব দিচ্ছে। তাই ইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দিতে হবে আমাদের।

সোমবার রিয়াদে সৌদি গণমাধ্যম ফোরামের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান। সৌদি দৈনিক আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

তিনি বলেন, অতি ডানপন্থীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। অনেকে আছেন, কোনো কারণ ছাড়াই মুসলমানদের ঘৃণা করেন। তাদের বোঝানো কঠিন হবে। তবুও সংলাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটাই ফলপ্রসূ হতে পারে।

শেখ ইসা আরও বলেন, মুসলমান ও ইসলামী সংগঠন হিসেবে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার চিত্র আমাদের তুলে ধরতে হবে।

‘ইসলামকে ঘৃণা করেন– এমন লোকদের সঙ্গে আমরা অধিবেশনে বসেছি। কিন্তু আমাদের স্বচ্ছতা ও আলোচনার পর তাদের আমরা ভালো বন্ধু বলি। কাজেই আলোচনা খুবই প্রাসঙ্গিক।’

শেখ ইসার মতে, সহাবস্থানের ক্ষেত্রে একটি বিষয় ঝামেলা তৈরি করছে। সেটা হল, অমুসলিম দেশগুলোতে কিছু ইসলামিক আইন প্রয়োগ করা সম্ভব না।

‘সেসব দেশে বসবাস করা মুসলমানদের আমি বলবো, নিজ দেশের আইন, সংস্কৃতি ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

ইসলামবিদ্বেষ উসকে দিতে গণমাধ্যম ও চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করে এক্ষেত্রে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের এই সেক্রেটারি।

আগের সংবাদজর্ডান উপত্যকা দখলের পায়তারা করছে ইসরায়েল, জর্ডানের কড়া বার্তা
পরবর্তি সংবাদ‘যমুনা টিভিকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় সম্প্রচার বন্ধের আন্দোলন’