‘যমুনা টিভিকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় সম্প্রচার বন্ধের আন্দোলন’

‘যমুনা টিভিকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় সম্প্রচার বন্ধের আন্দোলন’

ফাতেহ ডেস্ক :

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক-কে ‘জঙ্গিনেতা’ হিসেবে উপস্থাপন করে প্রতিবেদন প্রচার করার ঘটনায় যমুনা টিভি কর্তৃপক্ষকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের জামিয়া মাদানিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা। ক্ষমা না চাইলে টেলিভিশনটির সম্প্রচার বন্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

আজ মঙ্গলবার বাদ আসর যমুনা টিভির ওই প্রতিবেদনের প্রতিবাদে কাজির বাজার মাদরাসা থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল-উত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মুসা বলেন, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর, বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদ আল্লামা আজিজুল হক রহ.-কে জঙ্গিনেতা আখ্যা দিয়ে যমুনা টেলিভিশন যে প্রতিবেদন প্রচার করেছে, তা গণমাধ্যমের পেশাদারী দায়িত্বের প্রতি চরম অবহেলা, ধৃষ্টতা ও মূর্খতার শামিল। দেশের ১৬ কোটি মানুষের কাছে ‘শায়খুল হাদীস’ নামটা উচ্চারণ করলে যার নামটা ভেসে উঠে, সেই আল্লামা আজিজুল হক রহ.-কে জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা বানিয়ে এহেন মনগড়া অপপ্রচার দেশবাসীর মনে তীব্র ক্ষোভ, ঘৃণা, নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে।

তিনি বলেন, যমুনা টেলিভিশন যদি নিঃশর্তভাবে ক্ষমা না চায় তাহলে সিলেট থেকে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে যমুনা টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় প্রতিবাদ মিছিল-উত্তর সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা পীর আব্দুল জব্বার, সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মখলিসুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আপ্তাব উদ্দিন নোমানী, হাফিজ কয়েস আহমদ, হাজী আব্বাস উদ্দিন জালালি, মাওলানা ছানা উল্লাহ, মাওলানা ইকরামুল হক জুনাইদ, আল ইসলাহ ছাত্র সংসদের জি এস হাফিজ আবু আনাস, এ জি এস তানজিল আহমদ, রেজওয়ান আহমদ প্রমুখ।

আগের সংবাদইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দেওয়ার আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগ মহাসচিবের
পরবর্তি সংবাদআবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ