আন্তর্জাতিক ডেস্ক :
‘ইসলামিক অ্যাওয়ারনেস উইক’ তথা ইসলামিক সচেতনতা সপ্তাহ পালন করছে যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিমরা। ক্রমবর্ধমান ইসলাম-বিদ্বেষ দূর করতে এই উদ্যোগ নিয়েছে দেশ দুটির বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। খবর গ্লোবাল নিউজ।
কর্মসূচির অংশ হিসেবে কানাডার কালগরির মাউন্ট রয়াল ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থীরা ২০ থেকে ২৪ জানুয়ারি সচেতনতা কর্মসূচি পালন করছে। তারা বর্ণবাদের বিরুদ্ধে ধারাবাহিক জ্ঞানমূলক আলোচনার আয়োজন করেছে।
মুসলিম নিউজ সাইট ‘ফাইভ পিলারস’-এর ডেপুটি এডিটর দিলি হুসাইন বলেন, ‘যদি পশ্চিমা বিশ্বের অমুসলিমদের মধ্যে মুসলিম বিশ্বাস সম্পর্কে অমূলক ধারণা বৃদ্ধি পায়, মুসলিম বিশ্বাস ও সংস্কৃতিতে সমস্যা খুঁজে পায় বা ইসলামী মূল্যবোধকে তারা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বিরোধী মনে করে, তবে আমরা বলব আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজন আছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুসলিম শিক্ষার্থীদের একাধিক সংগঠন রয়েছে। তারা মুসলিম অধিকার ও সমাজসেবামূলক কার্যক্রম করে থাকে। অমুসলিম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে থাকে। এই সংগঠনগুলো ‘এমএসএ’ নামে পরিচিত।
