ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত.ইসলামী ঐক্যজোট সবসময় দিশারীর ভূমিকা পালন করে

 

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, মাহে রমজানের দাবী অনুযায়ী যদি প্রতিটি মুসলমানের মধ্যে আল্লাহভীতি তৈরী হয়, তবে দেশে আধ্যাত্মিক বিপ্লব সাধিত হবে। ফলে দেশ দূর্নীতি, শোষন এবং জুলুমমুক্ত হয়ে ইনসাফ, মানবিক মর্যাদা, সাম্য,সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন,ইসলামী ঐক্যজোট সব সময় দিশারীর ভূমিকা পালন করে। কারণ ইসলামী ঐক্যজোট দেশের শীর্ষ উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে সঠিক এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে। সেই হিসেবেই ইসলামী ঐক্যজোট আগামী নির্বাচনে স্বকীয় অবস্থানে বজায় রেখে নিজস্ব মিনার প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সরকারের পরিচালিত অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আইনানুগ ভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাদকের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। মরণনেশা মাদক ব্যাবসার সাথে যেসব রাঘব বোয়াল জড়িত তাদের চিহিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাঈলের পক্ষাবলম্বন করে জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণা ও সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের লাশের মিছিলকে দীর্ঘায়িত করেছেন। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা সীমান্তে রক্ত ঝরছে। ফিলিস্তিনি নারী-পুরুষ, শিশু কেউই রক্ষা পাচ্ছে না ইসরাঈলী হায়েনা বাহিনীর কবল থেকে। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি।

জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, জেরুজালেম মুসলমানদের পবিত্র ভূমি। এই ভূমি ইহুদীদের থেকে দখলমুক্ত করতে সমগ্র বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার দায়ে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সংস্থা ও বিশ্ব সম্প্রদায়কে ইসরাঈলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজ ২৭ মে ঢাকার একটি কনভেনশন হলে ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিলে দুআপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ., ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী,ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোঃ হাসান,  ইসলামী ঐক্যআন্দোলনের ড. ঈসা শাহেদী,  এন পি পি’র চেয়ারম্যান শেখ সালাউদ্দীন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব হাফেজ এ টি এম হেম্যেত উদ্দীন,মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা অধ্যাপক এহতেশাম সারওয়ার, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, আতিকুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতী মোঃ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মঈনউদ্দীন রুহী, সাংগঠনিক সচিব মুফতী সাখাওয়াত হোসাইন,সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমদ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, পীরজাদা সৈয়দ মোঃ আহসান, মাওলানা একেএম আশরাফুল হক, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আনছারুল হক ইমরান, মুফতী এনামুল হাসান,মুফতী মাহমুদুল হাসান, মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী, মাওলানা নুরুজ্জামান , মাওলানা মেহেদী হাসান, ছাত্রনেতা আবুল হাসিম, নুরুজ্জামান প্রমুখ।

আগের সংবাদঢাকায় ৩ বছরের বেশি কর্মরত শিক্ষকদের বদলি করা উচিত
পরবর্তি সংবাদতিন মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ সোমবার