ইয়েমেনের সামরিক ঘাঁটিতে এবার আল-কায়েদার হামলা, ১৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন আল-কায়েদা। এতে নিহত হয়েছে দেশটির ১৯ সেনাসদস্য। ইয়েমেনি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। ঘটনার একদিন আগেই দেশটিতে হুতি বিদ্রোহীদের হামলায় কয়েক ডজন সৈন্য নিহত হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের আবিয়ান প্রদেশের আল-মাহফাদ সামরিক ঘাঁটিতে আল কায়েদার বন্দুকধারী সদস্যরা প্রবেশ করে গুলি ছুঢ়তে শুরু করেন। ওই ঘাঁটিতে নতুন সেনা আসার প্রক্রিয়া চলছিল তখন। শুক্রবার সেনাদের অপ্রস্তুত অবস্থায় এ হামলা চালায় আল-কায়েদা।

একজন সরকারি কর্মকর্তা জানান, সেনাদের অসতর্কতার সুযোগ নিয়ে হামলা চালিয়েছে আল কায়েদা। ফলে সেনারা মারা পড়তে থাকে। তবে তিনি দাবি করেছেন, বন্দুকধারীদের হত্যা করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার পরপরই সৌদি জোটের সেনারা কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ওই ঘাঁটিতে। তারাই আল-কায়েদার সদস্যদের হত্যা করে। তিনি আরো জানান, পুরো হামলার ঘটনায় ইয়েমেনি ১৯ সেনা সদস্য নিহত হয়েছে। দুই সরকারি কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সৌদি নেতৃত্বাধীন সুন্নি জোট ২০১৫ সালে ইয়েমেন আক্রমণ করে। এরপর থেকে চলা ইয়েমেন যুদ্ধে যোগ দেয় আল-কায়েদা, ইসলামিক স্টেটের মতো সংগঠনগুলো। তারা হুতি ও সরকারপন্থী উভয় দলের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করে।

আগের সংবাদজিলহজের ফজিলতময় প্রথম দশক : যে কাজগুলো থেকে বিরত থাকা চাই
পরবর্তি সংবাদ‘জয় শ্রীরাম’ না বলায় হেফজখানার তিন শিক্ষার্থীকে মারধর, প্রাণনাশের হুমকি