‘জয় শ্রীরাম’ না বলায় হেফজখানার তিন শিক্ষার্থীকে মারধর, প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

‘জয় শ্রীরাম’ না বলায় উগ্রবাদী হিন্দুদের বেধড়ক মারপিটের শিকার হয়েছে হেফজখানার তিনজন শিক্ষার্থী। শুক্রবার (২ আগস্ট) রাতে ভারতের গুজরাটের গোধরা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার তিনজন হলো- সামির ভগত , সাহেল ভগত এবং মোহাম্মদ সালমান। স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র তারা। খবর বাসিরাত অনলাইন ও এনডিটিভি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে তারা তিনজন মাদরাসার ছুটি হলে বাড়ি যাওয়ার পথে হিন্দু এলাকার একটি দোকানে চা পান করতে যায়। সেখানে কয়েকজন উগ্রবাদী হিন্দু তাদের জয় শ্রীরাম বলতে জোর করে। হেফজখানার ওই তিনজন শিক্ষার্থী জয় শ্রীরাম না বলায় তাদের বেধড়ক মারপিট করে হিন্দুরা।

হাফেজ সামির চোখে, সালমান মাথায় এবং সাহেল পেট ও পিঠে গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

হাফেজ সামিরের বাবা সিদ্দিক ভগত জানায়, ওই রাতে তারা বাড়ি ফিরছিল। মাঝপথে দুটি বাইকে ছয়জন অজ্ঞাতপরিচয় তাদের থামিয়ে দেয়। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলে। তা না করতেই শুরু হয় মারধর। সামিরের কপালে সাইকেলের চেন দিয়ে আঘাত করা হয়। সালমনকে একটি ভোঁতা বস্তু দিয়ে মাথায় মারা হয়। যাওয়ার আগে আক্রমণকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে।’

এ ঘটনায় হাফেজদের পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ পুলিশের কাছে মামলা দায়ের করতে গেলে উল্টো পুলিশ তাদের বলে, ‘এত রাতে চা পানের জন্য যাওয়ার কোন মানেই ছিল না, তবুও হিন্দু এলাকায়!’ এক পর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পুলিশ মামলা নেয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে।

তদন্তে নেমে পুলিশ ইন্সপেক্টর এইচসি রথভা জানিয়েছেন, ‘ভুক্তভোগীরা এখন কথা বলার মতো অবস্থায় নেই। ফলে পুরো বিষয়টি তাদের মুখ থেকে জানা যায়নি। ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছি।’

আগের সংবাদইয়েমেনের সামরিক ঘাঁটিতে এবার আল-কায়েদার হামলা, ১৯ সেনা নিহত
পরবর্তি সংবাদকী হতে যাচ্ছে কাশ্মীরে?