
ফাতেহ ডেস্ক
ঈদুল আজহার আগেই ঢাকা-বেনাপোল রুটে চালু হচ্ছে দেশের প্রথম প্রতিবন্ধীবান্ধব ট্রেন। একইসঙ্গে এতে থাকছে ওয়াইফাইসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। ট্রেনটিতে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব বায়ো-টয়লেটের ব্যবস্থা। ২৫ জুলাই ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা। এটি চালু হলে বেনাপোল দিয়ে ভারতে গমন আরো সহজ হবে পর্যটকদের।
তবে চালুর সিদ্ধান্ত হলেও এখনো ট্রেনটির নামকরণ ও ভাড়া নির্ধারিত হয়নি। এ নিয়ে রেলওয়ের কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে হুইল চেয়ারসহ তাদের সুবিধার্থে থাকছে প্রশস্ত দরজা ও নির্ধারিত আসনের সুবিধা। প্রতিটি কোচ অত্যাধুনিক স্টেইনলেস স্টিলের তৈরি, যা সহজেই মরিচিকা ধরবে না। প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আধুনিক ও উন্নতমানের মাউন্টেড এয়ার কন্ডিশনার যাত্রী ইউনিট এবং এয়ার কন্টেইনারের ব্যবস্থা থাকবে।
রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে, ঢাকা-বেনাপোল রুটের নতুন ট্রেনের দু’টি কোচের প্রতিটিতে ১২টি করে ২৪টি চেয়ার প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ থাকবে। প্রতবন্ধীরা যাতে হুইল চেয়ার দিয়ে ট্রেনের অভ্যন্তরে চলাফেরা করতে পারে, সেজন্য প্রতিটি কোচের দরজাও থাকবে প্রশস্ত।
বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, এই ট্রেনে কতটি বগি থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ১০ থেকে ১২টি বগি থাকতে পারে। ভাড়া নির্ধারণ নিয়ে কাজ করছে রেলের সংশ্লিষ্ট বিভাগ। এছাড়া নামকরণের সিদ্ধান্ত নেবে রেলপথ মন্ত্রণালয়।
আরএইচ/
