উইঘুর মুসলিম নিপীড়ন : চীনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিদের ওপর নিপীড়নের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চীনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সোমবার ওই একই অভিযোগে ২৮ চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই চীনা প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনও মার্কিন পণ্য কিনতে পারবে না। চীনের ওই ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি এবং প্রযুক্তিগত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান উইঘুর মুসলিমদের ওপর নজরদারিতে সহায়তা করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনের উইঘুর, কাজাখ, কিরগিজ মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়ন চালাচ্ছে চীনা প্রশাসন। এসব জনগোষ্ঠীর মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। তাদের সংস্কৃতি এবং ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে চীনের তরফ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে চীন। বেশ কিছু মানবাধিকার সংগঠনের দাবি, উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তাদের বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। যদিও চীনের দাবি এগুলো চরমপন্থার বিরুদ্ধে উন্মুক্ত প্রশিক্ষণ কেন্দ্র।

আগের সংবাদযুক্তরাষ্ট্রকে ইরান সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি
পরবর্তি সংবাদগণপিটুনি বন্ধের আহ্বান জানিয়ে মোদিকে আরো ১৮০ জন বিশিষ্ট নাগরিকের চিঠি