
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে শত্রুর যে কোনো ধরনের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ইরানের দক্ষিণের বুশেহর শহরে বিমান প্রতিরক্ষা ইউনিট পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন জেনারেল মুসাভি।
তিনি বলেন, আমরা গত ৪০ বছর ধরে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করে আসছি। আগামী দিনেও আমরা পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাব। যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হুমকি সৃষ্টির চেষ্টা করে, তাহলে যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকিকে সমূলে বিনাশ করার জন্য ইরানের সামরিক বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, একাধিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অবস্থা এমন জায়গায় এসে পৌঁছেছে যে, দুই দেশ একে অপরকে লাগাতার যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের একাংশ মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অবাক হওয়ার কিছু নেই। এই অবস্থায় ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল তেহরান।
