উমাইয়া শাসনামলের দুর্লভ মুদ্রা বিক্রি হলো রেকর্ড পরিমাণ মূল্যে

উমাইয়া শাসনামলের দুর্লভ মুদ্রা বিক্রি হলো রেকর্ড পরিমাণ মূল্যে

আন্তর্জাতিক ডেস্ক :

উমাইয়া খেলাফতের শাসনকালের একটি দুর্লভ মুদ্রা সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ মূল্যে। গত ২৪ অক্টোবর লন্ডনে ৩৭ লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রি হয় মুদ্রাটি। বাংলাদেশি টাকার পরিমাণ যার মূল্যমান দাঁড়ায় ৪০ কোটি ৫৩ লাখ টাকা। তবে যিনি মুদ্রাটি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ১ পাউন্ড কয়েনের আকৃতির মুদ্রাটি স্বর্ণের তৈরি। ইসলামি শাসনামলের প্রথম দিকে উমাইয়া খিলাফাতের সময়ের দিনার সেটি। মুদ্রাটির ১০৫ হিজরি বা ইংরেজি ৭২৩ সালের বলে জানা গেছে।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্লভ এই মুদ্রাটি এর আগে বিক্রি হওয়া ইসলামি মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে। কারণ, ঐতিহাসিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুদ্রা মাত্র ডজনখানেকই ছিল।

মুদ্রাটির গায়ে খোদাই করে ‘মাদিন আমির আল-মুমিনিন বিল-হিজাজ’ কথাটি লেখা আছে। ইসলামের বেশ কয়েকজন খলিফার মালিকানায় সেটি ছিল বলে বিশ্বাস করা হয়।

মুদ্রাটিতে ব্যবহৃত সোনা সৌদি আরবের মক্কা ও মদিনার কাছাকাছি কোনো খনি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদসৌদি বাদশা সালমানের কাছে হাসান রুহানির চিঠি
পরবর্তি সংবাদ‘আবরারের মৃত্যু প্রথম আলো’র অবহেলার কারণেই হয়েছে’