
আন্তর্জাতিক ডেস্ক
আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বিরোধীদলের সংসদ সদস্য (এমএলএ) অনন্ত কুমার মালো। তিনি বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রভাবশালী নেতা। খবর এনডিটিভির।
অনন্ত কুমার একা নন, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, শিক্ষক, রাজনীতিবিদসহ আসামের বহু বিশিষ্টজন ব্যক্তি। আর এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার ভাষায়, এই এনআরসি নিয়ে ভাল কিছু আশা করা যাচ্ছে না। প্রকৃত নাগরিকরাই বাদ পড়েছেন।
এনআরসি তালিকা প্রকাশের পর মতবিরোধ তৈরি হয়েছে খোদ বিজেপির মধ্যেই। অনেকেই মনে করছেন ওই তালিকায় বেআইনিভাবে নাম নথিভুক্ত হয়েছে অনেক অনুপ্রবেশকারীর। আর বাদ পড়েছেন প্রকৃত নাগরিকরা।
এর আগে এই আশঙ্কা করে জাতীয় নাগরিকপঞ্জি তালিকার পুনরায় নিরীক্ষণ করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। যদিও সেই আর্জি খারিজ করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়া হয়।
