এনআরসি তালিকায় সন্তুষ্ট নয় আসাম ছাত্র সংগঠন, দ্বারস্থ হচ্ছে শীর্ষ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় বাদ পড়ার পরিসংখ্যান নিয়ে সন্তুষ্ট নয় সর্বভারতীয় আসাম ছাত্র সংগঠন (All Assam Students’ Union)। তারা বলেছে, চূড়ান্ত নাগরিক তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। খবর এনডিটিভি।

সাংবাদিক সম্মেলন করে সর্বভারতীয় আসাম ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন, ‘আমরা মোটেও খুশি নই। এটি আপডেট করার প্রক্রিয়ায় কিছু ভুল আছে বলে মনে হয়। আমরা বিশ্বাস করি এটি একটি অসম্পূর্ণ এনআরসি। আমরা এই এনআরসি’র সমস্ত খামতি-বিচ্যুতি দূর করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব’

তিনি আরও বলেন, এনআরসি তালিকায় যত সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তা এনআরসি কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যে পরিসংখ্যান তুলে ধরেছিলেন তার ধারে কাছেও পৌঁছায়নি। তাই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে ওই ছাত্র সংগঠন।

সর্বভারতীয় আসাম ছাত্র সংগঠন বা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আসাম চুক্তির স্বাক্ষরকারী, ১৯৮৫ নথি অনুসারে যা অসমের অবৈধ বাসিন্দাদের “সনাক্তকরণ, বাতিল এবং নির্বাসন”-এর পক্ষে তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করতেই রাজ্যের এনআরসি আপডেট করা হয়েছে।

আসামের চূড়ান্ত এনআরসি তালিকা অনলাইনে প্রকাশ করা হয় শনিবার স্থানীয় সকাল ১০টায়। ওই নাগরিক তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ মানুষের নাম, চূড়ান্ত তালিকায় স্থান পান ৩ কোটি ১১ লাখ মানুষ। আসাম নাগরিকদের চূড়ান্ত জাতীয় নিবন্ধীকরণ তালিকায় ওই ১৯ লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে ।

আগের সংবাদবাংলাদেশি হিন্দুদের স্বাগত, অনুপ্রবেশকারী মুসলমানদের ঠাঁই নেই : দিলীপ ঘোষ
পরবর্তি সংবাদএনআরসি’র চূড়ান্ত তালিকায় নেই সংসদ সদস্য!