ফাতেহ ডেস্ক :
দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। ৩০ জানুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
হারুনুর রশীদ বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। দেশে হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টানরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। অথচ ইসলাম ধর্মের অনুসারীরা তাফসির মাহফিল করতে গেলে নিষেধাজ্ঞা আসছে। এতে মুসলমানদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এটা ঠিক হচ্ছে না।
এসময় হৈ চৈ করে তার বক্তব্যে বাধা দেন ও আপত্তি জানান সরকারি দলের সংসদ সদস্যরা।
তার বক্তব্যের জবাব দিতে ফ্লোর নিয়ে সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, দেশের সমস্থ জায়গায় জেলা-উপজেলা জেলা পর্যায়ে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, শুধুমাত্র জামায়াতীপন্থায় মানুষ যাতে শিক্ষা দিক্ষা না নেয়, যাতে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত না করে, সেই দিকটাকে আমরা অনেক সময় বলে থাকি। এক্ষেত্রে ইসলামী কার্যকলাপে কোন বাধা সৃষ্টি হচ্ছে না।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা ইসলামকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। ইসলামের নামে, ধর্মের নামে যারা বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে কথা বলছেন।
