
ফাতেহ ডেস্ক
ওয়াসার অপরিষ্কার ও দুর্গন্ধ পানির অভিনব প্রতিবাদ জানালো জুরাইনের এক পরিবার। সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে ওয়াসার পানি দিয়ে বানানো শরবত খাওয়াতে প্রায় দুই ঘণ্টা খোদ কার্যালয়ের সামনে অবস্থান করেন পরিবারের চার সদস্য। তাদের এই প্রতিবাদে মিলেছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। আর ওয়াসার এমডি বলছেন, অন্যের হাতে বানানো শরবত খেতে তিনি রাজি নন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এক প্রতিবেদনে সপ্তাহখানেক আগেই বলা হয়ছিল, অপরিষ্কার ও দুর্গন্ধের কারণে পানি ফুটিয়ে পান করছেন ঢাকা ওয়াসার ৯১ ভাগ গ্রাহক। তবে এ প্রতিবেদন নাকচ করে শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান দাবি করেন, ওয়াসার পানি শতভাগ সুপেয় এবং নিরাপদ।
এমডির এই বক্তব্যের তিনদিনের মধ্যেই ওয়াসা ভবনে অবস্থান নেয় জুরাইনের এই পরিবার। তাদের কাছে বাসা থেকে আনা জগভর্তি ঘোলা পানি। সেই সঙ্গে আছে লেবু আর চিনি। ওয়াসার এমডিকে শরবত বানিয়ে খাওয়াবেন–এটাই তাদের চাওয়া।
পুলিশ ও আনসার সদস্যদের বাধায় অবশ্য প্রথম দিকে ভবনে ঢুকতে পারেনি এই পরিবার। তবে পরে অভিযোগ শুনে জুরাইন এলাকার পাইপ লাইন দ্রুত সংস্কারের আশ্বাস দেন ওয়াসার পরিচালক।
এ বিষয়ে বারবার চেষ্টা করেও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। তবে অনলাইন সংবাদপত্র বিডিনিউজকে তিনি বলেছেন, অন্যের হাতে বানানো শরবত তিনি খাবেন না। এদিকে, সমস্যার দ্রুত সুরাহা না হলে, জুরাইন এলাকাবাসী আন্দোলনে যাবে বলে জানিয়েছেন পরিবারটির প্রধান মিজানুর রহমান।
