
ফাতেহ ডেস্ক
করোনা বা কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা সোমবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কাছ থেকে তথ্য নিয়ে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এ নির্দেশ দেন।
ভাইরাস পরীক্ষার জন্য যে ধরণের সরঞ্জামের প্রয়োজন তা পর্যাপ্ত আছে কিনা তাও জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি কভিড নিয়ে গুজব বা ভীতিকর পরিবেশ যেন সৃষ্টি না হয় তা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়াও স্থল, নৌ ও বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আসা সবার পরীক্ষা ঠিকমত হচ্ছে কিনা এ নিয়ে গৃহীত পদক্ষেপ ঠিক আছে কিনা তা জানাতেও বলা হয়েছে। বন্দরগুলোয় যারা শারীরিক পরীক্ষা করবেন তারা প্রশিক্ষিত কিনা ও থার্মাল স্ক্যানার পর্যাপ্ত রয়েছে কিনা সে বিষয়েও জানাতে মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
-এ
