কর্তৃত্ব করতে নয়, সেবা করতে এসেছি : জিএম কাদের

ফাতেহ ডেস্ক

জাতীয় পার্টিতে জমিদারি বা কর্তৃত্ব করতে নয়, সেবা করতে এসেছেন বলে জানিয়েছেন দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সবার মতামতের ভিত্তিতে দল পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি।

সোমবার (৬ মে) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৯০-এর পর দুঃসময়ের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, সেসময় আমার ভাই (এরশাদ) জেলে ছিলেন। কোনও কিছু পাওয়ার লোভে নয়, দুঃসময় মোকাবিলা করতে তখন দলে এসেছি। তার মুক্তি ও দলকে সুসংগঠিত করতে এসেছিলাম।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও বিএনপির বিরোধিতা মোকাবিলা করে এমপি হয়েছি। ২০০৯ সালে মহাজোটের সরকারে দুটি মন্ত্রণালয় পরিচালনা করার অভিজ্ঞতা আমার আছে। জিএম কাদের বলেন, ‘এখনও এমপি আছি এবং পাশাপাশি দলের চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। এ পদে থেকে আমি জমিদারি বা কর্তৃত্ব করবো না। সবার মতামতের ভিত্তিতে দল চলবে। ত্যাগীদের মূল্যায়ন হবে। কেউ হুট করে এসে এখানে লাভবান হতে পারবে না।’

এছাড়া জাতীয় পার্টিতে বিদ্রোহ কিংবা ভাঙনের প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘ দলে কোনও বিদ্রোহ নেই। তবে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন— পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, উপদেষ্টা নাজমা আক্তার, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, অধ্যাপক মাসুদা এ বশির, রেজাউল ইসলাম ভূইয়া, মহানগর দক্ষিণের জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

আগের সংবাদসাদপন্থীদের স্বতন্ত্র শিক্ষাবোর্ড, সাদ কান্ধলভির চিন্তা-চেতনায়ই গড়ে তোলা হবে ছাত্রদের
পরবর্তি সংবাদবেনাপোলে ভারতীয় পণ্যসহ আটক ২