
ফাতেহ ডেস্ক :
কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের পরিকল্পনায় আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডাব্লিউ বলেছে, শিবিরের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের হলেও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মৌলিক অধিকার ও মানবিক প্রয়োজন অস্বীকার করা যাবে না। বাংলাদেশ সরকারের প্রস্তাবিত এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী চলাফেরার স্বাধীনতা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না।
গতকাল এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এখন মনে হচ্ছে তিনি শিবিরগুলোকে কার্যত উন্মুক্ত কারাগার বানাতে চাইছেন। শরণার্থীদের বাইরের বিশ্ব থেকে আলাদা করে বাংলাদেশ সরকার তাদের অর্জিত বৈশ্বিক সুনামকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান এসব শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে এই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
