
ফাতেহ ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মধুপুরের গাংগাইর বেকারকোণা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বিনিময় সার্ভিসের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর দিকে আসছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
