কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পাস করেও আত্মহত্যা করল পিইসি পরীক্ষার্থী

কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পাস করেও আত্মহত্যা করল পিইসি পরীক্ষার্থী

ফাতেহ ডেস্ক :

প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) পাস করেও আত্মহত্যা করল পিইসি পরীক্ষার্থী ফাহাদ। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় আত্মহত্যা করে সে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। ফাহাদ উপজেলার বড় ডালিমা আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নিয়ে ৩ দশমিক ৯২ পয়েন্ট নিয়ে পাস করে। সে বড় ডালিমা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ফাহাদের নিকটাত্মীয় মো. সোহাগ জানান, চলতি বছর পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফাহাদ এবং তার বড় ভাই ফাহিম এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়। দুই ছেলেই পরীক্ষায় পাশ করায় বাবা হারুন অর রশিদ বিকেলে পাড়া প্রতিবেশীদের মিষ্টি মুখ করান। তখন ফাহাদ অন্যান্য ছেলেদের সঙ্গে মাঠে খেলছিল।

পরে বিকেলের দিকে ফাহাদের মা নাজমা বেগম ঘরের দোতলায় গিয়ে দেখতে পান তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে আছে। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে ফাহাদকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, পরীক্ষার ফলাফলে খুশি না হয়েই ফাহাদ আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

আগের সংবাদআগুনে পুড়ে ছাই বরগুনার ২০ ব্যবসা প্রতিষ্ঠান
পরবর্তি সংবাদঢাকায় ২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬ মেট্রোরেল: কাদের