ঢাকায় ২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬ মেট্রোরেল: কাদের

ফাতেহ ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে। এসব এমআরটি লাইন চালু হলে ঢাকা শহরে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট তৈরি হবে।

বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল উত্তরা ডিপোতে দেশের প্রথম মেট্রোরেল লাইনের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। বাইরে থেকে বোঝা যায় না। ইতিমধ্যে সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। মোট ৫২টি স্থাপনা এই ডিপোতেই দৃশ্যমান। মেট্রোরেল প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৪০ শতাংশ।

মেট্রোরেল তরুণ প্রজন্মের প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। ২০২১ সালে বিজয়ের মাসে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬ উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দেশের প্রথম এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০ দশমিক ১০ কিলোমিটার এই মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই লোকজন যাতায়াত করতে পারবে।

আগের সংবাদকাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পাস করেও আত্মহত্যা করল পিইসি পরীক্ষার্থী
পরবর্তি সংবাদকাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ২ ভারতীয় সেনা নিহত