
আন্তর্জাতিক ডেস্ক:
কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। কাতারের ওপর সৌদি ও তার মিত্র রাষ্ট্রগুলো আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ।
সোমবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হচ্ছে।’
উল্ল্যেখ্য, ২০১৭ সালের ৫ জুন এক প্রকার কোনো পূর্বঘোষণা ছাড়াই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এই দেশগুলোর অভিযোগ, কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং এ কাজে দেশটিকে সহায়তা দিচ্ছে ইরান। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।। তবে জিসিসির সদস্য উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের মধ্যে নিরপেক্ষ ভূমিকায় থাকে ওমান। অন্যদিকে শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় কুয়েত।
