
আন্তর্জাতিক ডেস্ক :
প্রায় দু’মাস গৃহবন্দি থাকার পর অবশেষে কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা-কর্মীরা। নিজের দলের কর্মীদের সঙ্গেও এতদিন ধরে ওই নেতাদের দেখা করার কোনো অনুমতি দেয়া হয়নি।
ন্যাশনাল কনফারেন্সের ১৫ সদস্যের একটি দলকে ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। এই ২ রাজনৈতিক নেতা সম্পর্কে বাবা-ছেলে। রোববার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সঙ্গে সাক্ষাতের পর আকবর লোন এবং হুসেন মাসুদি জানান, তার স্বাস্থ্যের খবর নিতেই যাওয়া হয় সেখানে। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।
গত ২ মাস ধরে পৃথক জায়গায় গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লাহ ও ফারুক আবদুল্লাহ। শ্রীনগরে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন ফারুক আবদুল্লাহ। অপরদিকে, সরকারি হরি নিবাসে গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লাহ। শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, গৃহবন্দি রাজনৈতিক নেতাদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে।
